
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর স্বর্ণের দুল ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) শহরের কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার জামাল (৩৫), ফরিদ (৩৩) ও রবি (২৪)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রুবীর মোড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত তিন ছিনতাইকারী তার রিকশার গতি রোধ করে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় তারা ধারালো চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
ছিনতাই শেষে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দেশীয় ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই আটক করে।
আটকের পর বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ওপর কিছুটা চড়াও হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ সদর থানা পুলিশ জানায়, সাহসিকতা ও সতর্কতার সঙ্গে অপরাধীদের ধরতে সহায়তা করায় স্থানীয় অধিবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।