মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের কয়েক ঘণ্টার পর তাকে দলীয় পদসহ সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির চার নম্বর যুগ্ম আহ্বায়ক। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ডিবি।
কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ আফজালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে, রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত চিঠিতে আফজালকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেফতারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য খুবই ক্ষতিকর।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।