মো: আতাউর রহমান সরকার, চাঁদপুর :
পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির মহাসম্মেলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত সার্ভেয়ার, আমিন ও সিভিল কোর্ট কমিশনার অংশগ্রহণ করেন।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই জাতীয় জাদুঘর প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাজীবীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একই পেশার বিপুলসংখ্যক মানুষের এই মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ঐক্যের নতুন আবহ তৈরি করে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ জনাব মো. আলী আকবর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক জনাব মোহাম্মদ আমির আজম খান। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সার্ভেয়ার, আমিন ও সিভিল কোর্ট কমিশনাররা সম্মেলনে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ সার্ভেয়ার (আমিন) সমিতির সভাপতি জনাব মো. রিমন খানের আহ্বানে ২০২৪ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক পথচলার সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এবারের মহাসম্মেলনে তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেশাজীবীরা ঢাকায় এসে অংশগ্রহণ করেন।
মহাসম্মেলনে সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং পেশাজীবীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী সার্ভেয়ারদের জন্য সংগঠনের পক্ষ থেকে আইডি কার্ড, ফিতা, চাবির রিং, পকেট হুক, ব্যাচসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়।
মহাসম্মেলন শেষে সংগঠনের প্রচার সম্পাদক মো. তাজুল আমিন বলেন, “আজকের মহাসম্মেলন আবারও প্রমাণ করেছে, আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই; বরং আমরা একে অন্যের পরিপূরক। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আজকের মহাসম্মেলন সফল ও সার্থক হয়েছে বলে মনে হয়।”
তিনি মহাসম্মেলন সফল করতে ভূমিকা রাখায় সমিতির সভাপতি জনাব মো. রিমন খান, সাধারণ সম্পাদক জনাব রায়হান পারভেজসহ কেন্দ্রীয় নেতৃত্ব, আয়োজক কমিটির সদস্য জনাব ইসরাইল খান, আনোয়ার পারভেজ, রাতুল, আরিফ, শাহিনসহ সকল স্বেচ্ছাসেবক এবং সঞ্চালক জনাব সুলাইমান ও ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সকল সার্ভেয়ার ও আমিন পেশাজীবীকেও তিনি ধন্যবাদ জানান।
এদিকে সম্মেলনে শরীয়তপুরের সার্ভেয়ারদের ঐক্যবদ্ধ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। তাঁদের সম্মিলিত অংশগ্রহণকে সম্মেলনের অন্যতম আকর্ষণীয় দিক হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।
মো. তাজুল আমিন বলেন, “আজকের ঐক্যই হোক আমাদের আগামী দিনের শক্তি। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তের সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সম্মেলনের মাধ্যমে দেশের সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সুযোগও তৈরি হবে।