মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার ধর্মকাম সাহাবন্দিগি এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৪০) এবং ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর ধাউড়ারকুটি গ্রামের আশরাফুলের ছেলে আবু বক্কর (২০)। আলমগীরকে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড এবং আবু বক্করকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব আব্দুর রশিদের ছেলে আব্দুল আউয়াল বাবুর মালিকানাধীন মুগ্ধ আবাসিক হোটেলটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা সেখানে এসে অবস্থান করতেন।
পুলিশের দাবি, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের সাইফুর রহমানের ছেলে ও হোটেলের ম্যানেজার রাকিবুল ইসলাম (২৩) শালঝোড় এলাকা দিয়ে ভারতীয় ইয়াবা চোরাচালান করে হোটেলে অবস্থানরত মাদককারবারিদের কাছে পৌঁছে দিতেন। পরে তারা ওই মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে চলে যেতেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় হোটেলে অবস্থানরত আলমগীর বিশ্বাস ও আবু বক্করকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার রাকিবুল ইসলাম পালিয়ে যান।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মুগ্ধ আবাসিক হোটেলে ইয়াবার একটি বড় চালান হাতবদল হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল ম্যানেজার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, নেশাগ্রস্ত হয়ে জনগণের শান্তি বিনষ্টের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।