
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার ডাকবাংলো মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মিলন কুমার পালের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ পূজা উদযাপনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।