
মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ভারতে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস কারাভোগ শেষে অবশেষে দেশে ফিরেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে হস্তান্তর করে।
পরবর্তী সময়ে সোনাহাট বিজিবি ক্যাম্প তাঁদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা ব্যক্তিরা হলেন— কুড়িগ্রামের কচাকাটা এলাকার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তাঁরা। পরবর্তীতে আদালত কর্তৃক দেওয়া ৩৩ মাসের সাজা ভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ বিজিবির কাছে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাঁদের হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, ফেরত আসা তিনজনের পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। স্বজনেরা থানায় পৌঁছালে আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে।