
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সংকট, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে সেখানকার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রবাসীদের দীর্ঘদিনের নানা জটিলতা ও দাবি-দাওয়া তুলে ধরা হয়। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, নিউজ এশিয়া টিভি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সরাফত আলী, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, মো. নুর নবী, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মো. হোসেন, মোহাম্মদ বাবলু ও আমানত খান। এছাড়াও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আবুধাবি ও দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতারা বৈঠকে অংশ নেন।
আলোচনায় প্রবাসীদের ভিসা অটো-ক্যানসেল, ভিসা নবায়ন, ভিসা জটিলতায় আটকে পড়া প্রবাসীদের সমস্যা এবং পুনরায় ভিসা স্থানান্তরের (ট্রান্সফার) সুযোগ চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
কমিউনিটি নেতারা উল্লেখ করেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে বহু প্রবাসী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এসব সমস্যা দ্রুত নিরসনে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন এবং আশু সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয় ইউএই-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার এবং সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও স্বার্থরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও ধারাবাহিক সমন্বয় বজায় রাখার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।