
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে টাকার বিনিময়ে প্রতিবন্ধী ভাতার ভুয়া কার্ড দেওয়ার অভিযোগে আটক এক নারীকে মুচলেকা নিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে গত ১১ সেপ্টেম্বর রাতে। অভিযোগে জানা যায়, উপজেলার ভীমপুর গ্রামের উত্তরপাড়ার হামিদুল ইসলামের স্ত্রী জনি আক্তার জুঁই প্রতিবেশী তহমিনা, আনোয়ারা, মনোয়ারা ও রেনুকার কাছ থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন এবং পরে তাদের ভুয়া কার্ড ধরিয়ে দেন।
এ ছাড়া একই এলাকার আরও ১০ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ৭৯ হাজার টাকা নেন জুঁই। কার্ড করে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন।
টাকা ফেরত চাওয়ায় বিভিন্ন তালবাহানা করাসহ ভুক্তভোগীদের নানা ভয়ভীতি ও মারমুখী আচরণ শুরু করেন জুঁই ও তার পরিবারের লোকজন। চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ জনি আক্তার জুঁইকে তাঁর বাড়ি থেকে আটক করে।
অভিযুক্ত জুঁইয়ের দাবি, বিষয়টি ষড়যন্ত্রমূলক। তবে ওই নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, জুঁই ও তাঁর পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ওই রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।