
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নম্বর চেরাগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় সিএসও সদস্য, স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক যৌথ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকাল ১১টায় ডাসকো ফাউন্ডেশনের 'এনগেজ' প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয় রোধে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত করার লক্ষ্যেই মূলত এই যৌথ কার্যক্রমের আয়োজন করা হয়।
চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার বর্মন, অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ম. জা. ম. মিল্লাতে রাব্বানী, ধুনজইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হায়দার এবং দৈনিক বাংলাদূত ও বাংলা অধিকারের সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার। ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মিলিতা মুরমুর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
সংলাপ চলাকালে চৌমাশিয়া কেন্দ্রীয় কালীমন্দিরের রাস্তা সংস্কার ও ল্যাপটিনে সুব্যবস্থার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান শিবনাথ মিশ্র। পাশাপাশি রাস্তাঘাট মেরামত, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা এবং ধুনজইল বাজারঘাট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ড্রাম ব্যবস্থাপনার কথা জানান তিনি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে উন্মুক্ত আলোচনা, তথ্যপ্রাপ্তির আবেদন ও ফরম্যাট এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানো ও সুশিক্ষা অর্জনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।