
মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসায় নির্দেশিত গাইড বই না কেনায় ষষ্ঠ শ্রেণির ছয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর চার শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদ্রাসার কার্যক্রম চলাকালীন এ ঘটনা ঘটে।
অভিভাবকদের অভিযোগ, নির্দিষ্ট গাইড বই না কেনায় ক্ষুব্ধ হয়ে ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান ষষ্ঠ শ্রেণির ওই ছয় শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের বাইরে ডেকে নেন। পরে তিনি বাঁশের বেত ও হাত দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং দুজন জ্ঞান হারিয়ে ফেলে।
শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার পর তাদের মাথায় পানি ঢালা হয়। পরে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত তাদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে দুই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাইড বই কেনার মতো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর এ ধরনের শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত সুপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান শিক্ষার্থীদের মারধরের কথা অস্বীকার করে দাবি করেন, অতিরিক্ত গরম ও পাতলা পায়খানার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল।
এ বিষয়ে রাজীবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েকুল হাসান খান জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।