
চাঁদপুর প্রতিনিধি:
নারীদের স্বাবলম্বী করা ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে সংগঠন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি বিকৃত করে এবং অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তানিয়া ইশতিয়াক খান। একই সঙ্গে তিনি জেলার অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তানিয়া ইশতিয়াক খান জানান, ২০২০ সালে জনকল্যাণে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়। অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে তৎকালীন সরকারের সংসদ সদস্য, মন্ত্রী, মেয়রসহ নানা জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হয়েছে। সে সময় এসব কর্মসূচির ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। বর্তমানে ওই সব ছবিকে কেন্দ্র করে শত্রুতার বশবর্তী হয়ে কয়েকজন নারী নেত্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, "আমার সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও নীতিবিবর্জিত মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তথ্য যাচাই ছাড়া কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।"
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে তানিয়া ইশতিয়াক খানের নেতৃত্বে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে হস্তশিল্পের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা এবং সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ। পাশাপাশি বিভিন্ন এলাকায় নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, চক্ষু শিবির, চশমা প্রদান ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন মাদ্রাসায় লাইট, ফ্যান ও পানির ফিল্টার প্রদান এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের মাঝে ত্রাণ ও গৃহনির্মাণসামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র প্রদান এবং প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, হুইলচেয়ার বিতরণ ও কাউন্সেলিংয়ের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তানিয়া ইশতিয়াক খান জেলার শ্রেষ্ঠ জাতীয় পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, তানিয়া ইশতিয়াক খানের নেতৃত্বে পরিচালিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তানিয়া ইশতিয়াক খান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য বিকৃতকারীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।