
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের পুরান বাজারের ঐতিহ্যবাহী মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকার বাড়ি একাদশ ক্রীড়া চক্র।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় পুরান বাজার নিতাইগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ি মাঠে উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, "তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র যে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।" তিনি আগামীতেও এমন মহৎ উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইব্রাহিম গাজী ইবু, মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ফখরুল মোল্লা এবং ক্রীড়াবিদ ইউসুফ বরকন্দাজ।
প্রীতি ফুটবল ম্যাচটির মূল আয়োজক মারুফ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।