
শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরের দিকে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ এই মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করার সময় ‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা’ ইত্যাদি স্লোগান দেন। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।
মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, বিষয়টি তারা শুনেছেন এবং এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।
উল্লেখ্য, গত ১০ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।