
মো. আতাউর রহমান সরকার (মতলব উত্তর প্রতিনিধি):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রেমিক যুগলকে জিম্মি করে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরিফ জিয়ারত শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন তাঁদের পথরোধ করেন।
পরবর্তীতে অভিযুক্তরা তাঁদের স্থানীয় শিকদার বাড়ির একটি ঘরে আটকে রেখে মারধর করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ভুক্তভোগী যুবক বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকার জামানত হিসেবে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে এবং নানা ভয়ভীতি দেখিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।