
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ওই পুকুরের ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠতে থাকে।
দুপুরে চেয়ারম্যানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরপাড়ে সারি সারি মিনিভ্যানে বিপুল পরিমাণ বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাকভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান নিয়োজিত শ্রমিকরা। তাঁরা জানান, মাছগুলো মরে গন্ধ ছড়ানোর কারণে বাজারে কেউ কিনতে চাচ্ছেন না এবং নামমাত্র মূল্যেও কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না।
উক্ত পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর ও দেশি ফলি মাছের মতো বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এ সময় শ্রমিকদের জাল টেনে মরা মাছগুলো তুলতে দেখা যায়।
পুকুরের মালিক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানান, তিনি দীর্ঘ দিন ধরে নিজ উদ্যোগে বেশ কয়েকটি পুকুরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি ওই পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনা ছাড়াও অন্যান্য দামি মাছের পোনা ছাড়া হয়েছিল। এ সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল। কিন্তু সোমবার ভোর থেকে মাছগুলো মরে ভেসে উঠতে শুরু করে এবং পুকুরের তলদেশেও বহু মাছ মরে পড়ে থাকে।
তাঁর ধারণা, কেউ শত্রুতা করে পুকুরে গ্যাস বড়ি বা বিষ প্রয়োগ করেছে, যার ফলে সব মাছ মারা গেছে। এতে তাঁর ৪০ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুকুরে মাছ নিধনের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।