
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:
নওগাঁ শহরের ঐতিহ্যবাহী ‘মুক্তির মোড়’ ও ‘মুক্তি সিনেমা হল’-এর নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জাহানারা বেগম মুক্তি আর নেই। শনিবার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকায় ছেলের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহানারা বেগম মুক্তি নওগাঁর সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান ছিলেন। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তাঁর নাম দীর্ঘদিন ধরে বিশেষভাবে জড়িয়ে রয়েছে।
নওগাঁ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র ‘মুক্তির মোড়’ এবং ঐতিহাসিক ‘মুক্তি সিনেমা হল’ তাঁর নামকেই আজও স্মরণীয় করে রেখেছে। তাঁর এই প্রয়াণে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।