
নিজস্ব প্রতিবেদক, ইউএই:
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী সাগর চন্দ্র স্বপন।
চাঁদপুর জেলার কৃতিসন্তান সাগর চন্দ্র স্বপন দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৯৯ সালে ঢাকায় প্রকাশিত দৈনিক দেশবাংলা পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। এরপর তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ, পরিবেশন ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।
তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলার অধিকার-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া স্বদেশ বিচিত্রা, চ্যানেল এ ওয়ান, দৈনিক খবরের আলো ও দৈনিক বাংলার খবর-সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করার বর্ণিল অভিজ্ঞতা রয়েছে তার।
দীর্ঘ সাংবাদিকতা জীবন ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নতুন কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাগর চন্দ্র স্বপন বলেন, সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বেগবান করা এবং প্রবাসী সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগে সাংবাদিকদের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
এ সময় তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবনির্বাচিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করে তুলতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।