
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী তেপুকুরিয়া জামাইপাড়া ও মাহমুদপুর তালপুকুর এলাকার মাঝামাঝি একটি আমবাগান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মেরিনা (৪৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে দেখা গেলেও পরে তার সঙ্গে থাকা একটি ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মেরিনা ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড (সরকারপাড়া) গ্রামের দোস মুহাম্মদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা আমবাগানে ওই নারীর অগ্নিদগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে পেট্রল বা দাহ্য পদার্থ ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। এই লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রেখেছে।