
সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'শুভ জন্মাষ্টমী' উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জন্মাষ্টমী উদযাপনের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বিভিন্ন প্রস্তাব ও মতামত পেশ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব উদযাপনে জেলা পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট সব ইউনিটকে উৎসব চলাকালীন সতর্ক থাকা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি মন্দির ও পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।