
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা মূলহোতা মো. শাহীনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে রবিবার (১৬ আগস্ট) বেলা ৩টার দিকে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী। পথে দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরপাড়সংলগ্ন একটি নির্জন স্থানে শাহীন তাঁকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী কার্যকরভাবে প্রতিরোধ করতে পারেননি বলে তাঁর পরিবার জানায়। পরে বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিত ও অস্পষ্ট কথায় তিনি মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহীন পলাতক ছিলেন। তিনি মুঠোফোন ব্যবহার না করায় তাঁর অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয়। অবশেষে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযান চালিয়ে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, "অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। তিনি মুঠোফোন ব্যবহার না করায় তাঁকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে। অবশেষে যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।"
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহীনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।