
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার এক নিভৃত পল্লী থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতায় দীর্ঘ পথচলা এবং অসামান্য অবদান রেখে চলেছেন প্রবীণ সাংবাদিক অসিত দাস। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া তাঁর এই সাংবাদিকতা জীবন নানা অর্জন ও অভিজ্ঞতায় সমৃদ্ধ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে জন্মগ্রহণ করেন অসিত দাস। মুক্তিযুদ্ধের সময় পরিবারের সঙ্গে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ৩ নম্বর খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে দাদার বাড়িতে চলে আসেন এবং তখন থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সাংবাদিকতা জীবনের বর্ণাঢ্য পথচলা
১৯৯১ সালে সাংবাদিকতা শুরু করার পর তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ-এর নওগাঁর দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ-এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৭ সালে কুমিল্লার দৈনিক হোমনা পত্রিকা, গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গাজীপুর বার্তা, পাবনার একটি দৈনিক পত্রিকা এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তবার্তা-য় দীর্ঘ ৯ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেন।
তিনি নওগাঁর মহাদেবপুর থেকে প্রকাশিত বাংলাদেশ পোষ্ট পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক আজকের জনবাণী, দৈনিক বিকাল বার্তা, দৈনিক আমাদের একাত্তর, সংবাদ প্রতিদিন ২৪ এবং ঢাকা পোস্ট পত্রিকায় কর্মরত আছেন।
অন্যান্য পরিচয় ও সামাজিক কার্যক্রম
সাংবাদিকতার পাশাপাশি অসিত দাস একজন মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর গবেষক হিসেবেও পরিচিত। বর্ণাঢ্য এই কর্মজীবনে তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন এবং মহাদেবপুর-বদলগাছী আসন থেকে তিনবার সংসদ সদস্য মনোনয়ন পেলেও নানা কারণে নির্বাচন করা হয়নি। স্থানীয় পর্যায়ে তাঁর এই দীর্ঘ ও অক্লান্ত পরিশ্রমের সাংবাদিকতা পেশাকে সমৃদ্ধ করেছে।