
উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান এবং ধামুইরহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সন্ত্রাসবিরোধী আইনে ১৫ আগস্ট শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য।
তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, মো. মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত দু'বছরে তিনি এ পর্যন্ত অন্তত চারবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। এর আগের তিনটি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।
এছাড়াও জেলার ধামুইরহাট থানা পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নূর আলম বাবুকে ১৪ আগস্ট শুক্রবার রাতে উপজেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।