সাগর চন্দ্র স্বপন, আবুধাবি প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন সংকট নিরসনের দাবিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবুধাবিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, ভিসা জটিলতা ও নানা ধরনের কনস্যুলার সমস্যা তুলে ধরে এসব সংকট সমাধানে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান এবং কাউন্সেলর (রাজনৈতিক) তৌহিদ ইমাম। রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, সম্প্রতি বাংলাদেশে ছুটিতে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণে আমিরাতে ফিরতে না পারা প্রবাসীদের একটি তালিকা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতার কারণগুলো ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সংকট উত্তরণে বাংলাদেশ দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ জাকারিয়া, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভিসা জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের দ্রুত সহায়তা এবং কনস্যুলার সেবার মান আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।