
শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামের এক বৃদ্ধ পর্যটকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে চারটার দিকে তাহিরপুর থানাধীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ খানের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার খুকসাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি গ্রাম। তাঁর বর্তমান ঠিকানা সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, ব্লক-বি, বাসা নম্বর-১।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে একটি হাউজবোটে ৩২ জন পর্যটক নিয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। এ সময় পর্যটক দলের সঙ্গে থাকা আলী আহমদ খান হাওরের পানিতে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও নৌকার অন্যান্য যাত্রীরা তাঁকে দ্রুত উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা তাঁর বড় মেয়ের জামাতা খাইরুল হাসান (৪২) জানান, তাঁরা পারিবারিকভাবে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। খাইরুল হাসানের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।