
দুবাই প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই (বিআরইউ-ইউএই)-এর একটি প্রতিনিধিদল।
মতবিনিময়কালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, প্রবাসীদের ভোগান্তি গণমাধ্যমে তুলে ধরা এবং বিশ্বদরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় কনস্যুলেটের পক্ষে উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির এবং প্রথম সচিব (প্রেস) জিয়াউল হক।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের সাফল্য ও সম্ভাবনার খবর প্রকাশের বিষয়ে আলোচনা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের অধিকার ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে তারা অব্যাহতভাবে কাজ করে যাবেন।
মতবিনিময় শেষে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসীদের সার্বিক কল্যাণে কনস্যুলেট ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।