
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ১ আগস্ট (শনিবার) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশ ও গণমিছিলে এই দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সংগঠনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "২৪-এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে দেশে ন্যায় ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তার আলোকে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটি 'জুলাই সনদ' প্রস্তুত করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তা আজও বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।"
তিনি অবিলম্বে এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, জেলা শুরা সদস্য মাওলানা নাসির উদ্দীন, জেলা শুরা সদস্য মাওলানা নুরুল হক, জেলা শুরা সদস্য গাজী আবুল কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. রিদোয়ানুল আজিম, বক্তাবলী ইউনিয়ন আমির মাওলানা আবু বকর ছিদ্দিক এবং আলীরটেক ইউনিয়ন সভাপতি মো. মুরাদ হোসেন।
সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি ফতুল্লা থানা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।