
তেরখাদা প্রতিনিধি, খুলনা:
খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি আমাদের কৃষি। আর কৃষির প্রাণ হলো আমাদের পরিশ্রমী কৃষক। কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে। এই বিশ্বাস থেকেই বর্তমান সরকার কৃষকদের কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার, বাঁশ, উফসি ও হাইব্রিড জাতের সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, কৃষকের মুখে হাসি ফোটানোর, কৃষিকে আরও সমৃদ্ধ করার এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। কৃষকের হাতে হাতে বৃক্ষের চারা, জৈব ও রাসায়নিক সার, বাঁশ এবং সবজি বীজ তুলে দেওয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে আমাদের কৃষকরা আরও বেশি উৎপাদন করবেন, নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কৃষির উন্নয়নই হবে দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মো. আবুল হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী ও সদস্য সচিব মো. সাবু মোল্যা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশ, জৈব ও রাসায়নিক সার এবং সবজি বীজ বিতরণ করা হয়।