
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদরের হাঁপানিয়া বাজার এলাকায় শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন।
অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি মামলা দায়ের ও জরিমানা আদায়ের পাশাপাশি হর্নগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন এবং নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের একটি দল।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।