
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সঠিক প্রতিবেদন তৈরির লক্ষ্যে নওগাঁয় দুই দিনব্যাপী সংবাদকর্মী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত ২৬–২৭ জুলাই ২০২৬ তারিখে নওগাঁর আয়োজন রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশের অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশন ‘এনগেজ’ প্রকল্পের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।
প্রশিক্ষণে জেলার ২০ জন সংবাদকর্মী এবং ৫ জন কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। কর্মশালার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সাংবাদিকতার আইনি নীতিমালা।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুজার, নেটজ্ বাংলাদেশের সারা খাতুন ও মনিরুজ্জামান, এবং ডাসকো ফাউন্ডেশনের রুহুল আমিন।