
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিগলবাক ও অলীপুর এলাকার বাংলাবাজারে ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. আব্দুল মান্নান, তরুণ সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মহাসচিব শফিকুল ইসলাম বাবু সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থ্যবান মানুষের প্রতি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাকিম এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।