
সেলিম ভূইয়া, ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া বাজারে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। অভিযানে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত দোকানপাট অপসারণ করা হয়।
এ অভিযানের ফলে সাধারণ পথচারী ও বাজারে আগত ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে যানজট, চলাচলে দুর্ভোগ এবং জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের পর সড়ক ও ফুটপাত অনেকটাই দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
অন্যদিকে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করলেও হঠাৎ উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
তবে স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা আইনসম্মত নয়। জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং আইন অনুযায়ী নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও অবৈধ দখল রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে, যাতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে।