
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: শিক্ষা ও গবেষণায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শামিমা নাসরিনকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জনে কলেজজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের গবেষণামূলক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করে।
ড. শামিমা নাসরিন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ‘মুসলিম নারীর রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণাকর্ম সফলভাবে সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণায় ইসলামের ইতিহাস, রাজনৈতিক দর্শন, প্রশাসনিক কাঠামো এবং সমকালীন বাস্তবতার আলোকে মুসলিম নারীর নেতৃত্বের বিষয়টি তথ্য-উপাত্ত ও যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। এছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ জুলফিকার তৌহিদ, ওমর ফারুক, মনোয়ারা বেগম, ইশরাত জাহান, মারজিয়া হাফসা সুলতানা, রওনক জাহান, আসাদুজ্জামান ও মাহদিউল সারোয়ারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ড. শামিমা নাসরিনের এই সাফল্য নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল সংযোজন। তাঁর গবেষণালব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সংবর্ধনার জবাবে ড. শামিমা নাসরিন বলেন, “গবেষণা একজন শিক্ষকের জ্ঞানের পরিধিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে। গবেষণার মাধ্যমে নতুন সত্য উদ্ঘাটিত হয়, সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। একজন শিক্ষক যত বেশি গবেষণামুখী হবেন, তাঁর পাঠদান তত বেশি সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন, পিএইচডি ডিগ্রি অর্জনের দীর্ঘ পথচলায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রশাসন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল অপরিসীম। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ড. শামিমা নাসরিন নান্দাইল উপজেলার একজন কৃতী সন্তান। তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি তারঘাট আনছারিয়া ফাজিল মাদ্রাসায়। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তাঁর বড় ভাই প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. আব্দুর রহমান আনোয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। শিক্ষা ও গবেষণায় তাঁদের পরিবারের অবদান সংশ্লিষ্ট মহলে বিশেষভাবে সমাদৃত।