
মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দেশের কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘জাতীয় কৃষক শক্তি’ নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাই হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, "তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ হয়নি।"
তিনি আরও বলেন, "দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষক। কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা এবং আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি কৃষকদের নিজেদের স্বার্থ সংরক্ষণে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং কৃষি খাতকে শক্তিশালী করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "জাতীয় কৃষক শক্তি কৃষকদের অধিকার আদায়, উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।"
সমাবেশে বক্তারা কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সরকারি ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং ‘জাতীয় কৃষক শক্তি’র একটি আংশিক জেলা কমিটি গঠন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিশা, সদস্য সচিব মেরিনা পারভীন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া প্রধান রাশেদুজ্জামান তৌহিদ। সমাবেশে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।