
উজ্জ্বল কুমার সরকার | নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকরা হলেন—রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে জেলায় বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার সকালে ইসমাইল সরদার ও সাখাওয়াত হোসেন নিজ নিজ জমিতে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ইসমাইল সরদার ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে সাখাওয়াত হোসেনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।