
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে আপত্তি জানানোয় শিহাব মিয়া নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিহাব মিয়া জাতীয় দৈনিক 'এদিন'-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ১ হাজার ৮৯০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগ ওঠে, তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বাদ পড়েছেন এবং তার পরিবর্তে অকৃষক, সচ্ছল ব্যক্তি ও একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিক শিহাব মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আপত্তি দাখিল করেন। আপত্তিতে তিনি ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তার পরিবারের একাধিক সদস্যের নাম থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন। এই অভিযোগের পরই তিনি অভিযুক্ত যুবদল নেতার রোষানলে পড়েন।
ভুক্তভোগী সাংবাদিক শিহাব মিয়া জানান, আপত্তি দাখিলের পর সাদ্দাম হোসেন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেন। ফোনের কথোপকথনের রেকর্ডে সাদ্দাম হোসেনকে বলতে শোনা যায়, "তোমার যদি এই গ্রামে থাকা লাগে, তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে। গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব। সামনে পড়লে পরে বুঝিস।" এ ঘটনায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত যুবদল নেতা সাদ্দাম হোসেন হুমকির বিষয়টি স্বীকার করে বলেন, "আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।"
এ বিষয়ে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ জানান, "কৃষক তালিকা নিয়ে আপত্তির আবেদন আমরা পেয়েছি। বিতর্কিত নামগুলো পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় আপত্তি জানানোয় কোনো সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, সাংবাদিককে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষী ব্যক্তির দ্রুত শাস্তির দাবি জানিয়েছে।