
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সুনামগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি বিলুপ্ত করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নতুন জেলা কমিটি গঠন প্রক্রিয়া ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলামকে। আগ্রহী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সংশ্লিষ্টদের ০১৭৪৭৪৭২০৩৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তৃণমূল পর্যায় তথা মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সুসংগঠিত না করা পর্যন্ত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এই সাংগঠনিক কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।