
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত নির্মল উপজেলার করিমপুর গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
র্যাব ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১২ এর একটি আভিযানিক দল নাইশিমুল বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তার কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত মাদকের উৎস ও এর সাথে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।