
সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “৭১-এর চেতনাকে পুঁজি করে একটি দল দীর্ঘদিন ফায়দা লুটেছে। কিন্তু তাদের মতো আমরা জুলাইয়ের চেতনাকে নষ্ট হতে দেব না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন, তারা দেশ ও জাতিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন। এই রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী।”
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ‘জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়ক’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটি জুলাইয়ের বিপ্লবীরা শিখিয়ে দিয়েছেন। আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে হুইপ নিজান বলেন, “তিনি অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। এই দুর্নীতি নির্মূলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম সচেতন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।” তিনি প্রতিশ্রুতি দেন যে, জুলাই যোদ্ধাদের তালিকা অনুযায়ী তাঁদের পরিবার আগামী দিনে রাষ্ট্রের পক্ষ থেকে সকল সুযোগ-সুবিধা পাবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেন প্রমুখ।
এর আগে, হুইপ আশরাফ উদ্দিন নিজান উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করেন তিনি।