|| ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঠাকুরগাঁওয়ে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশ
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোনো সন্ধান না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো— শ্রীমতি খুশি (১৭), মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) ও সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে তিনজন সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ শিক্ষার্থী খুশির বাবা মানিক চন্দ্র জানান, সকালে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে বের হলেও তারা প্রাইভেট কিংবা স্কুল—কোথাও যায়নি। সারাদিন খোঁজ করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.