নিজস্ব প্রতিবেদক, হাজীগঞ্জ:
হাজীগঞ্জ উপজেলার নবগঠিত ইউনিয়নের নামকরণ ‘১৩নং কৈয়ারপোল ইউনিয়ন পরিষদ’ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যালয়টি কৈয়ারপোল মেইন রোডের পাশে স্থাপনের আহ্বান জানিয়েছেন তারা, যাতে সাধারণ মানুষ সহজে ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, কৈয়ারপোল দীর্ঘদিন ধরে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। তাই নবগঠিত ইউনিয়নটির নাম ‘১৩নং কৈয়ারপোল ইউনিয়ন পরিষদ’ রাখা হলে তা এলাকার ঐতিহ্য, ইতিহাস ও ভৌগোলিক পরিচিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
জনপ্রতিনিধি ও স্থানীয়দের অভিমত, ইউনিয়ন পরিষদের কার্যালয় যদি কৈয়ারপোল মেইন রোডের পাশে স্থাপন করা হয়, তবে ইউনিয়নের দূর-দূরান্তের মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। এতে সেবা গ্রহণে সময় ও খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে জোর দাবি জানিয়ে বলেন, ভৌগোলিক বাস্তবতা ও জনমতের প্রতি সম্মান জানিয়ে ইউনিয়নটির নামকরণ এবং কার্যালয় স্থাপনের ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
স্থানীয়রা মনে করেন, জনগণের এই যৌক্তিক ও গণমুখী দাবি বাস্তবায়িত হলে নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আরও সফল হবে এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছানো সহজতর হবে।