হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা জোরদার করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশীপ’ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ফ্রেন্ডশীপের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজর মনির হোসেন, ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক, টিম লিডার রুম্মানুল ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার রেজওয়ানুল হক, আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি, নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক পরিবর্তনে স্থানীয় গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। মাঠপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্যের সঠিক ব্যবহার এবং গণমাধ্যমের কার্যকর সম্পৃক্ততা বাড়াতে বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিশেষে বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, সরকার, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই কেবল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে সক্ষম।