বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে তিনি শেরপুর পৌর এলাকার টাউন কলোনিতে অবস্থিত 'শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়'-এ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন। এরপর তিনি টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে সংসদ সদস্য শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দিনের শেষভাগে তিনি শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, "শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও বলেন, "দেশের শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি অত্যন্ত জরুরি। সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়ন শিক্ষকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর নির্ভর করে। তাই দলমতের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছি।"
অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মেয়র জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।