|| ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬
মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ফল চাষ সম্প্রসারণ, পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরের রায়পুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।
বৃহস্পতিবার (১৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”। পাশাপাশি ফলভিত্তিক কৃষিকে জনপ্রিয় করতে মেলায় তুলে ধরা হয়েছে— “দেনা ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” স্লোগান।
আয়োজকরা জানান, ১৮ থেকে ২০ জুন পর্যন্ত চলবে এ মেলা। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উদ্যোক্তা, নার্সারি মালিক ও ফলচাষিরা অংশ নিয়েছেন। মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, আধুনিক ফল উৎপাদন প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষিভিত্তিক নানা উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
মেলায় অংশ নেওয়া কৃষকরা জানান, ফল চাষ এখন শুধু পারিবারিক চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি একটি লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো সম্ভব।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি ফল উৎপাদন বাড়ানো জরুরি। বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও পতিত জমিতে ফলের গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হবে।
মেলায় দর্শনার্থীদের ফলের জাত নির্বাচন, চারা রোপণ, রোগবালাই ব্যবস্থাপনা ও ফল সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। শিশু ও তরুণদের মধ্যে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং ফল চাষে আগ্রহ বাড়াতেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.