|| ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
রায়পুরে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬
মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রাম কৃষি অঞ্চলের চেকভিত্তিক কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রায়পুর উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জহির আহমেদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মনজুর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে নতুন কৃষি উদ্ভাবনের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.