|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রায়পুরে পানি সাশ্রয়ী AWD প্রযুক্তিতে বোরো আবাদে সাফল্য, ছাড়াল লক্ষ্যমাত্রা
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৬
মো. আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও সেচের পানি সাশ্রয়ে আধুনিক AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তির ব্যবহার সফলতা পেয়েছে। কৃষকদের আগ্রহ ও কৃষি বিভাগের তদারকিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ প্রযুক্তিতে বোরো ধানের আবাদ হয়েছে।
সোমবার (১৫ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তি প্রদর্শনী ও ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা অংশ নেন।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD) সহায়তায় পরিচালিত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের আধুনিক ও পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রায়পুর উপজেলায় বোরো ধানের ক্লাস্টারভিত্তিক AWD প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা ছিল ৬৫০ হেক্টর জমি। তবে কৃষকদের আগ্রহ ও মাঠ পর্যায়ের কার্যক্রমের ফলে মোট ৭০০ হেক্টর জমিতে এ প্রযুক্তি বাস্তবায়ন হয়েছে।
অনুষ্ঠানে কৃষকদের AWD প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থাপনা, উৎপাদন খরচ কমানো ও ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, এ প্রযুক্তির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করায় সেচ খরচ কমে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।
কৃষি বিভাগ আরও জানায়, PARTNER প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, প্রদর্শনী প্লট ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে AWD প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। প্রদর্শনী চাষিদের সফলতা দেখে অন্যান্য কৃষকরাও এ পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, “রায়পুরে AWD প্রযুক্তি কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। এর মাধ্যমে সেচের পানি সাশ্রয়, উৎপাদন খরচ কমানো এবং ফলন ধরে রাখা সম্ভব হচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়া কৃষকদের আগ্রহের প্রমাণ।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি কৃষকের মাঝে আধুনিক ও পরিবেশবান্ধব এ প্রযুক্তি ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.