মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়সার আলী দীর্ঘদিন ধরে মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার সকালে তিনি মধুপুর গ্রামে একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। গাছটি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকায় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানায়নি।