মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ দলের সদস্যদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী। তিনি অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং লাভজনক উপায়ে খামার পরিচালনার ওপর বিস্তারিত কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের সেলফ (SELP) কর্মসূচির অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কমিউনিটি অর্গানাইজার রুমানা আক্তার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বপ্নসারথি দলের সদস্যরা জানান, এই প্রশিক্ষণ তাদের হাঁস-মুরগি পালনের ক্ষেত্রে প্রচলিত ধারণা বদলে দিয়েছে। দক্ষতামূলক এমন উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।