শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি এবং ঢাকায় ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় শেরপুর হাইওয়ে ইসলামী ব্যাংক শাখার সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শামীম আহমেদ, বাবুল হোসেন, মঈনুল হাসান, নুরুল ইসলাম, গোলাপ, শাহিন আলম, আব্দুল মমিন, নুরুল হুদা, আব্দুল বারি, জহুরুল ইসলাম, মতিউর রহমান, আব্দুর রউফ ও বাকি বিল্লাহসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের মাধ্যমে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন এনে প্রকৃত উদ্যোক্তাদের সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়ায় শরিয়াহভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটি বর্তমানে সংকটের মুখে পড়েছে।
তারা আরও বলেন, বর্তমান ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে গ্রাহকদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ব্যাংকটিকে পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পাশাপাশি অবিলম্বে চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল করার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।