উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ :
নওগাঁয় বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (ওসি, এসপি), জেলা প্রশাসক (ডিসি) কিংবা রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাঈম বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন করে ভয় দেখান। তিনি দাবি করেন, ওই ব্যবসায়ীর ওষুধ সেবন করে এক শিশু মারা গেছে এবং দ্রুত ৫ লাখ টাকা না দিলে মামলার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে ওই ওষুধ ব্যবসায়ী ২০ হাজার ৩০০ টাকা অভিযুক্তের দেওয়া নগদ নম্বরে পাঠিয়ে দেন।
একইভাবে গত ৩০ মে প্রতারক নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ এজেন্ট ব্যবসায়ীকে ফোন করে। ব্যবসায়ীর দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হচ্ছে বলে অভিযোগ এনে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
পুলিশ সুপার বলেন, “এ ধরনের একাধিক প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রতারক নাঈম হোসেনকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।