উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ লিটার চোলাই মদ ও ৫০ লিটার মদ তৈরির উপকরণসহ লুবিন হাসদা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১ জুন) বিকেলে উপজেলার ৬নং পারইল ইউনিয়নের গন্ধশাইল (বাগমারা) গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত লুবিন হাসদা ওই গ্রামের বিশু হাসদা ও সুখি সরেন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গন্ধশাইল গ্রামের ওই ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে ১৫ লিটার চোলাই মদ এবং ৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুবিন হাসদা চোলাই মদ তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।